· কবিতা ·

শেষ পেরেক

মানস পাল

(দ্বিতীয় পর্ব প্রথমে) ১) আমরা বাংলায় কদাচ কবে লিখেছি আমাদের আপাদমস্তক দৈননন্দিতার সুখদুঃখ আর তার ব্যর্থতা অনুষঙ্গের কবিতা তার জল-তরঙ্গ? অন্তর্জলি যাত্রায় নাকি তারকেশ্বরের পাদপীঠে সমূহ আড়ালে না-কি অবগুণ্ঠনের লজ্জার অনর্থতায়, শ্মশান ঘাটে না গীতের অঞ্জলিতে বেলাশেষে ফিরবো কেমন করে বাড়ীর পুকুরের পাড়ে তারই জলে পদ্ম-পাতার পাশে কচুরীপনাতে ২) মেঘেদের শেষ অশ্রুজলের বৃষ্টিপাত হলে কবিতাই কি শুধু সঙ্গ হলো থেকে গেলো বেলাশেষে বাদবাকিরা অপহৃত, মাশুল বিনিময়ে মুক্তি তাও নয় সুনিশ্চিত পৃথিবী-বদলানো-অনর্থক ব্যার্থতার সাথে পরিত্যাক্ত আকাশ কুসুমেরা কফিনে ঠোকে দিল ভগ্ন-কিন্তু-ঋজু শেষ পেরেক।